১৭তম দলিল: জানুয়ারি ২০২৪
কল্পনা, বাস্তব, আর রূপকের মাঝে
ধর্মনিরপেক্ষ ভারতের ইতিহাসে ডিসেম্বর আর জানুয়ারি কলঙ্কময় দুটি মাস হয়ে থাকবে। ডিসেম্বরের ৬ তারিখ বাবরি মসজিদ ধ্বংস ও জানুয়ারির ২২ তারিখ সেই জমিতেই রাম মন্দির স্থাপন প্রগতিশীল রাজনীতির এক শোচনীয় পরাজয়। এ পরাজয় আমাদের কতটা দমিয়ে রাখতে সক্ষম হবে, এ সিদ্ধান্ত আমাদেরই। আমাদের ভবিষ্যত আমাদের হাতেই। এই মাসে প্রতর্ক নিরাশার মধ্যে আশার আলো হয়তো দেখাতে পারবেনা, কিন্তু পরাজয়ে মাথাও নোয়াবে না।
চিন্তাভাবনা
আমার মায়ের দিদিমা রামদাসী চক্রবর্তী অধুনা বাংলাদেশের যশোর জেলার মাগুরা মহকুমার আঠারোখাদা গ্রামের এক সম্পন্ন পরিবারের ধর্মপ্রাণ গৃহবধূ ছিলেন। রোজ গৃহদেবতার পুজো করতেন নিজের হাতে এবং সে দেবতার মূর্তি পরিবারের সচ্ছলতার সঙ্গে মানানসই আকারে বড় ছিল। রামদাসীর মেজ ছেলে জগন্নাথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এক মুসলমান, যিনি স্বাধীনতা সংগ্রামের সময়ে স্থানীয় কংগ্রেসের সক্রিয় কর্মী। একদিন তাঁকে এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের গ্রেফতার করতে গোটা গ্রাম চষে ফেলছে পুলিস। জগন্নাথ বন্ধুকে লুকিয়ে রাখার জায়গা ভেবে না পেয়ে নিয়ে এলেন মায়ের কাছে। যথাসময়ে পুলিস চক্রবর্তী বাড়িতেও হানা দিল, কারণ সে বাড়ির চণ্ডীমণ্ডপে স্বাধীনতা সংগ্রামীদের সভা-টভা হত। বাড়ির ছেলেমেয়েদেরও কংগ্রেসের সঙ্গে কিঞ্চিৎ যোগাযোগ আছে বলে খবর। কিন্তু গোটা বাড়ি তল্লাশ করেও পুলিস সেদিন যাকে খুঁজছিল, তাকে পেল না। কেন? কারণ রামদাসী তাকে লুকিয়ে রেখেছিলেন ঠাকুরঘরে, গৃহদেবতার পিছনে। এই পর্যন্ত ইতিহাস। আমাদের পারিবারিক কিংবদন্তি বলে, বাঙালি দারোগার নাকি সন্দেহ হয়েছিল। সে রামদাসীকে হালকা চালে জিজ্ঞাসাও করে, ঠাকুরঘরটা দেখলাম না যে মাসিমা? রামদাসী রক্তচক্ষু দেখিয়ে বলেন, হিন্দুর ছেলে হয়ে ঠাকুরের নামে এইসব কথা বলছ! মুসলমানের ছেলে আমি ঠাকুরঘরে লুকিয়ে রাখব? দারোগা ব্রাহ্মণীর অভিশাপের ভয়ে মানে মানে কেটে পড়ে।
বলা বাহুল্য, রামদাসী ধর্মনিরপেক্ষতা কথাটা জানতেন না। পরবর্তী জীবনে তিনি একজন হিন্দু বিধবার যা যা শাস্ত্র নির্ধারিত কর্তব্য তা থেকে এক চুল বিচ্যুত হননি। অথচ যাঁরা তাঁকে স্বচক্ষে দেখেছেন তাঁদের মুখে শুনেছি, ওই ঘটনা নিয়ে তাঁর বিন্দুমাত্র পাপবোধ ছিল না। আবার ফলাও করে বলেও বেড়াতেন না। স্পষ্টতই তিনি মনে করতেন তাঁর ভগবানের ঘর একজন বিধর্মীর স্পর্শে অপবিত্র হয়ে যায় না। তাই একজন মুসলমানকে ঠাকুরঘরে বসালে পাপ হয় না।
আনন্দ পট্টবর্ধনের ‘রাম কে নাম’ তথ্যচিত্রে বিতর্কিত রাম জন্মভূমির আদালত নিযুক্ত পূজারী লালদাসকে দেখানো হয়েছিল। তিনি বলেছিলেন হিন্দুধর্ম অনুযায়ী ভগবান যে বাড়িতে থাকেন সেটাই মন্দির। আলাদা করে ভগবানকে কোথাও নিয়ে গিয়ে মন্দির বানানোর প্রয়োজন পড়ে না, ভগবান যেখানে আছেন সেই ঘর ভেঙে দেওয়ারও প্রশ্ন ওঠে না। বোঝা যায়, আমার প্রমাতামহী রামদাসী কোনো ব্যতিক্রম নন। ভারতবর্ষ মুসলমানদের দেশ এবং রামদাসী, লালদাসের মত কোটি কোটি হিন্দুর দেশ। এঁরা নাস্তিক নন, সঙ্ঘ পরিবার যাকে ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী পাশ্চাত্য থেকে শেখা ধর্মনিরপেক্ষতা বলে, এঁরা তার আওতাতেও পড়েন না। এঁদের ধর্মবিশ্বাস এমন আত্মবিশ্বাসী যে অন্যকে আক্রমণ করে সে বিশ্বাস জাহির করতে হয় না। অন্যের ধর্মস্থান দখল করে নিজের দেবতার বিগ্রহও স্থাপন করতে হয় না। সবচেয়ে বড় কথা, ভগবানকে এঁরা এত ছোট মনে করেন না, যে তাঁকে কোনো নির্দিষ্ট মন্দিরে জায়গা না দিলে তিনি গৃহহীন হয়ে থাকবেন।
রাম এঁদের সকলের আরাধ্য নন। সেই কারণেই সকলকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা বা ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতেই হবে এমন দাবি অসঙ্গত, অন্যায়। অযোধ্যায় ঝাঁ চকচকে রামমন্দির নির্মাণ, দিশি পিস্তলের গুলিতে হত লালদাসের ভাষায় বললে “রাজনৈতিক মুদ্দা” (রাজনৈতিক বিষয়)। আমরা চাইলেই অন্যের ধর্মস্থান গুঁড়িয়ে দিয়ে নিজেদের ধর্মস্থান গড়ে তুলতে পারি – এই অহঙ্কার প্রকাশ করা ছাড়া এর অন্য কোনো সার্থকতা নেই। অবশ্য এই অহঙ্কার সার্বিক প্রচারে মোহিত হয়ে যাওয়া সাধারণ হিন্দুদের দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষার অভাব, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, চিকিৎসার নাগালের বাইরে চলে যাওয়ার যন্ত্রণা ভুলে থাকতে আফিম হিসাবে কাজ করবে। আফিম খেয়ে সাধারণ হিন্দু ঝিমোবেন আর সেই সুযোগে তাঁদের ভোটগুলো পাওয়া যাবে – এই হল মহত্তর উদ্দেশ্য। মুসলমানদের তো আগেই অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। তাদের দ্বিতীয় শ্রেণির অবাঞ্ছিত নাগরিক করে দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখা হয়নি। তা দেখিয়ে উল্লাসে উন্মাদ করে দেওয়া হয়েছে সাধারণ হিন্দুদের। তাঁরা খেয়ালও করছেন না, প্রাচীন শহর অযোধ্যার ছোটখাটো হিন্দু ব্যবসায়ীর দোকানপাটও উড়িয়ে দিয়ে গড়ে তোলা হয়েছে এক রিয়েল এস্টেট সাম্রাজ্য।
কাশীর বিশ্বনাথ মন্দিরের বংশানুক্রমিক মহন্ত রাজেন্দ্রপ্রসাদ তিওয়ারি তাই বলেছেন, “অযোধ্যায় ওটা মন্দির নয়, মল। ওই ধরনের প্রথম মল ছিল কাশী বিশ্বনাথ মন্দির। তৃতীয়টা হবে মথুরায়।”
প্রতীক
পড়ার মতো
রাম মন্দির উদ্বোধন হওয়ার পর নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়াতে উচ্চ মধ্যবিত্ত লিবারাল গোষ্ঠী নিজেদের কূপমণ্ডুকপনা শুরু করেছেন। সকল সাধারণ রাম মন্দির সমর্থককে তাঁদের শত্রু ঘোষণা করে বসে আছেন তাঁরা। কিছু বাম কর্মীও ভুলবশত সেই হাওয়ায় ভেসেছেন, আর এস এসের সাংগঠনিক সাফল্যের বস্তুতাত্ত্বিক বিশ্লেষণ না করেই। এ সংক্রান্ত রাজনৈতিক শ্লথতা নিয়ে লিখেছেন অনন্য চক্রবর্তী। পড়ুন এখানে।
শোনার মতো
"শালবৃক্ষের মত সিনা টান করে সে
মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে”
২০০০ সালে বিশ্ব ব্যাংক এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সাহায্যে বন বিভাগ টাঙ্গাইলের মধুপুরের ৪৭৮ বর্গ কিলোমিটার শালবন ঘিরে ফেলে একটি ইকো পার্ক বানানোর পরিকল্পনা হয়। কয়েকশো বছর ধরে সেখানে বাস করা দুই আড়াই হাজার মান্দি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কোনরকমের কোনো আলোচনা ছাড়াই। গৃহহারা হওয়ার শঙ্কায় আন্দোলনে নামেন তাঁরা। পীরেন স্নাল সেই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। আন্দোলন তীব্র হয়, কোনমতেই শেকড় ছিঁড়তে রাজি হন না তাঁরা। ২০০৪ সালের ৩ জানুয়ারি, বনরক্ষীরা গুলি চালায় আদিবাসীদের উপর। নিজের ভিটেমাটির ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে প্রাণ দেন পীরেন স্নাল। আন্দোলনের অভিঘাতে সরকার ইকো পার্কের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। তাঁর আত্মত্যাগ নিয়ে মাদল ব্যান্ডের একটি অদ্ভুত সুন্দর গান শুনুন এখানে।
শীর্ষেন্দু লাহিড়ী
আন্দোলনের আটকাহণ
অন্ধ্রপ্রদেশে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঐতিহাসিক ৪২ দিনের ধর্মঘট সফল হলো জানুয়ারি মাসে। সরকার তাঁদের ১৩ টি দাবীর ১১ টি মানতে বাধ্য হয়েছেন, যার মধ্যে মজুরি বৃদ্ধি, ডি এ, জীবন বীমার মতো গুরুত্বপূর্ণ দাবী ছিল। ধর্মঘটরত কর্মীদের উপর বারবার নেমে আসে পুলিশি নির্যাতন। সরকারের থেকে সমস্ত বনধ রোধের প্রচেষ্টাকে অসফল করে বাম কর্মী সংগঠনগুলি তাঁদের দাবীতে অনড় থাকেন। এই জয় শ্রেণী সংহতির এক অনন্য নজির স্থাপন করেছে। পড়ুন এখানে।
স্মরণীয়
গ্রাহাম স্টেইন্স (১৯৪১-১৯৯৯) অস্ট্রেলীয় ক্রিশ্চান ধর্মপ্রচারক। তিনি উড়িষ্যার আদিবাসী অঞ্চলে যক্ষ্মা রোগীদের শুশ্রূষার কাজ করে গেছেন বহুবছর। হিন্দু উগ্রপন্থী সংগঠন বজরং দল বহুবার তাঁর উপর হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ করে। ২৩ শে জানুয়ারি ১৯৯৯ উড়িষ্যার কেওনঝড়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একটি গাড়িতে দুই সন্তান সহ গ্রাহামকে পুড়িয়ে মারে বজরং দলের দুষ্কৃতীরা। তাঁর জীবন সম্পর্কে আরো পড়ুন এখানে।
এই অবধি রইলো। পরের মাসে আবার হবে।





